স্টাফ রিপোর্টার:
সরকারি ছুটির দিনে যখন চাঁদপুর পৌরবাসী নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক সেই সময় নগরীর যানজট কমাতে মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর-এর একদল তরুণ।
শনিবার (১৮ জুলাই) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন সংগঠনটির সদস্যরা। যানজট নিরসনের পাশাপাশি তারা চালক ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
ক্লিন চাঁদপুরের সদস্যরা জানান, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করলে যানজট অনেকাংশে কমানো সম্ভব বলেও তারা মনে করেন।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম নগরীর শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবীদের এমন জনকল্যাণমূলক কার্যক্রমে নগরবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের অংশগ্রহণে চাঁদপুরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।


