ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তি-তর্ক ও হাস্যরসে প্রাণবন্ত রম্য বিতর্ক

স্টাফ রিপোর্টার:

ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের যুক্তিবোধ, উপস্থাপনা দক্ষতা ও খেলাধুলার প্রতি ইতিবাচক আগ্রহ বাড়াতে চাঁদপুরের ইন্টারন্যাশনাল কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক। যুক্তি, তথ্য, ইতিহাস ও হাস্যরসে ভরপুর এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

বিতর্কের বিষয় ছিল— “বিশ্বকাপে আমরাই সেরা”। এতে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি দলের সমর্থক শিক্ষার্থীরা অংশ নেন। নিজ নিজ দলের ইতিহাস, বিশ্বকাপ সাফল্য, কিংবদন্তি খেলোয়াড় ও পরিসংখ্যান তুলে ধরে প্রতিযোগীরা নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেন। প্রাণবন্ত যুক্তি-তর্ক, রসাত্মক উপস্থাপনা এবং দর্শকদের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠ-এর প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, এইচ এম আহসান উল্লাহ এবং কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল।

আর্জেন্টিনা সমর্থিত দলের বিতার্কিক নুসরাত জাহান ওহি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বিতর্কের মাধ্যমে নিজেদের প্রিয় দলের ইতিহাস ও অর্জন তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দিত।

স্পেন সমর্থিত দলের বিতার্কিক সিদরাতুল মুনতাহা রাহি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে রম্য বিতর্ক উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাসকে আরও বর্ণিল করে তোলে।