স্টাফ রিপোর্টার:
“মাদককে না বলি, সুস্থ জীবন-সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কাদরা ইয়াং স্টার ফাউন্ডেশনের আয়োজনে কাদরা পূর্বপাড়া বালুর মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমেদ বলেন, “মাদককে না বলি, সুন্দর সুস্থ জীবন গড়ি। একটি সমাজ ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চিতোষী পূর্ব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহরম আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ মাসুদ হোসেন, কাদরা ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. শুভ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। ফাইনালে টাইগার ক্লাব ও ইয়াং স্টার ক্লাব মুখোমুখি হয়।
খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ ইউসুফ এবং ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ শরীফ হোসেন।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।


