ফরিদগঞ্জে পিআইবির মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার:

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‘মোবাইল জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি (ট্যাক্স)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য নিয়ম-কানুন, প্রযুক্তি ও আধুনিক সাংবাদিকতার কৌশল সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। তিনি বলেন, বর্তমানে তৃণমূলের সাংবাদিকদের মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন এবং পিআইবির এ ধরনের উদ্যোগ সারা দেশে আরও সম্প্রসারণ হওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে পারলেই এর প্রকৃত সফলতা আসবে। সাংবাদিকদের কলম সবসময় সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে কাজ করবে—এটাই সবার প্রত্যাশা।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়া বক্তব্য রাখেন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে প্রশিক্ষণের প্রথম দিনে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান মোবাইল জার্নালিজম, ডিভাইস ব্যবহার, স্টোরি বোর্ড তৈরি এবং শট নির্বাচন বিষয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।