স্টাফ রির্পোটার:
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত সম্ভব ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০১ শয্যা করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, জনবল সংকট থাকা সত্বেও চিকিৎসা সেবায় এগিয়ে রয়েছে হাসপাতালটি। হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ২০ জন। তন্মধ্যে ৩ জন প্রেষনে অন্যত্র। শূন্য রয়েছে ২০টি পদ। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্টও নেই। নেই এ্যাম্বুলেন্সের ড্রাইভার, স্বাস্থ্য সহকারী পদে ৫০ জন বরাদ্দ থাকলেও কর্মস্থলে রয়েছে মাত্র ১৮জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদেও জনবল সংকট রয়েছে। নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই উপজেলা থেকে আগত রোগীদের সঠিকভাবে সেবা দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ড. জালাল উদ্দিন এমপি। তিনি আরও বলেন, মানুষের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালের যত সমস্যা রয়েছে তা লিপিবদ্ধ করে দিবেন তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন, চাঁদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি এ হাসপাতালের কার্যক্রম দেখে চিকিৎসা কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রশংসা করেন। জনবল সংকট নিরসনের জন্য তিনি বলেন, আমরা দুই সাংসদ সম্মিলিতভাবে সর্বোচ্চ কাজ করবো।
এসময় আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান। অনুষ্ঠানের শুরুতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক।
অনুষ্ঠান পরিচালনা করেন, মেডিকেল অফিসার ডাঃ জারিন শরীফ সুপ্তি। এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকসহ হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ।


