স্টাফ রিপোর্টার:
বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণসমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের বায়তুল আমিন মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, “জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামী শরীয়ার বিকল্প নেই।” তিনি দাবি করেন, বৈষম্য দূরীকরণ, নারীর নিরাপত্তা এবং সংখ্যালঘুদের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আদর্শই কার্যকর সমাধান।
তিনি আরও বলেন, দেশের মানুষ বহু ত্যাগ স্বীকার করলেও সেই ত্যাগের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, তরল গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিলের অনিয়ম এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সম্প্রতি মাদ্রাসা আলিয়ায় সংঘটিত ঘটনার সমালোচনা করে তিনি বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরউদ্দীন খান, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সাবেক জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুফতি আল-আমিন এবং সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


