স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৩ টায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে নতুন বাজার রাজবাড়ি পৌর মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


