স্টাফ রিপোর্টার:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুকদার।
শুক্রবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড আয়োজিত ‘মেধা বৃত্তি ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ মাছুম আলম তালুকদারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উত্তরীয় তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। তারা বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড আয়োজিত জুনিয়র বৃত্তি ও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান মোহাম্মদ মাছুম আলম তালুকদার ও তাঁর প্রতিষ্ঠানের প্রশংসা করেন। তিনি বলেন, ফরিদগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং নিয়মিত সাফল্যের স্বাক্ষর রাখছে। ভবিষ্যতে চাঁদপুরে গেলে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন বলেও জানান।
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও মোহাম্মদ মাছুম আলম তালুকদারের সম্পৃক্ততা রয়েছে। তাঁকে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চাঁদপুর জেলা সভাপতি হিসেবে পেয়ে তারা আনন্দিত ও গর্বিত।
সম্মাননা পাওয়ার পর মোহাম্মদ মাছুম আলম তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান। একই সঙ্গে প্রধান অতিথি, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, গুণীজন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


