বোর্ড সেরাদের তালিকায় ড্যাফোডিল: চাঁদপুরে জিপিএ-৫ ও শতভাগ পাসের সাফল্য

স্টাফ রির্পোটার:

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। ফলাফলেই টানা সাফল্যের ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুধু চাঁদপুরেই নয়, প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ১০টি উচ্চ বিদ্যালয়ের তালিকায় অন্যতম স্থান দখল করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে।
​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলাফলেই দেখা যায়, শতভাগ শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে সর্বোচ্চ ফল জিপিএ-৫ লাভ করেছে ১৭ জন শিক্ষার্থী।

​শতভাগ পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে সদর উপজেলার শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছে এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিশেষ করে পাসের হারের দিক থেকে শহরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
​উল্লেখ্য, গত ১০ আগস্ট (সোমবার) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরপরই স্কুল প্রাঙ্গণে আনন্দে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিষ্ঠানের এ সাফল্যকে সম্মিলিত প্রচেষ্টার ফল বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।