চাঁদপুরে ৮ থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি

স্টাফ রিপোর্টার:

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার আট থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।