স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। নবাগত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ বেদারুল আলমের সার্বিক দিকনির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি ক্যাম্পাসের অপ্রয়োজনীয় গাছপালা, লতাপাতা ও ঝোপঝাড় পরিষ্কার করে শিক্ষার্থীদের চলাচল ও পাঠদানের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ বেদারুল আলম বলেন, “আমি এখানে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। এই ক্যাম্পাস আমাদের সবার, তাই ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার। কলেজ ছাত্রদলের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজ আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ ফয়েজ বলেন, “শিক্ষার্থীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে নবাগত শিক্ষার্থীরা যেন একটি সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সেই লক্ষ্যেই অপ্রয়োজনীয় গাছপালা, লতাপাতা ও ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। ছাত্রদল সবসময় ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষের কল্যাণে জনসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করে।”
পরিচ্ছন্নতা কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ পাটাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শামীম হোসেন, কলেজ ছাত্রদল নেতা সাকিল হোসেন রনি, শাহিন তালুকদার, রিপন, নাহিদ, সাজীব গাজীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


