স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের বলশিদে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক সমাবেশ শেষে বলশিদ বাজার এলাকায় মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপন পাটোয়ারী।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিল্লাল হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এমএ আল-কাদেরীসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মো. কিরণ মুন্সী, টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী একরামুল হক রহিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নূরে আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


