গুণীজনের সান্নিধ্যে দৈনিক শপথের অষ্টম বর্ষে পদার্পণ, সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার :

গুণীজনের সান্নিধ্য, সহকর্মীদের মিলনমেলা ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল সাংবাদিকদের জন্য দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা, আলোচনা, মুক্ত মতবিনিময়, সম্মাননা প্রদান ও কেক কাটা। এতে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, সাংবাদিক ও দৈনিক শপথের সহকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল হেলাল।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, পাঠকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক শপথকে আরও এগিয়ে নিতে হবে। সংবাদে সত্যতা, নিজস্বতা ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করাই হবে পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ কর্মশালা

দৈনিক শপথের সহকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‘সংবাদ সংগ্রহ ও সংবাদ লেখার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেন চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক কাজী শাহাদাত। তিনি সংবাদকে পাঠকের কাছে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে তথ্যের যথার্থতা, সংবাদ কাঠামো, ভাষার ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

অন্যদিকে ‘অনুসন্ধানী সংবাদের জন্য তথ্য সংগ্রহ কৌশল ও প্রয়োগ’ বিষয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক মিজান মালিক। অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্যের উৎস যাচাই, নথিপত্র সংগ্রহ, তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীলভাবে সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

সংবাদে নিজস্বতা বজায় রাখা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পত্রিকার তিনজন প্রতিনিধিকে প্রশংসা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক গ্রহণ করেন দৈনিক শপথের স্টাফ রিপোর্টার ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম, স্টাফ রিপোর্টার আমানুল্লাহ খান ফারাবী এবং স্টাফ রিপোর্টার ও এশিয়ান টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ।

পরে অতিথি ও দৈনিক শপথের সহকর্মীদের অংশগ্রহণে অষ্টম বর্ষে পদার্পণের কেক কাটা হয়।
মুক্ত আলোচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
কর্মশালা শেষে দৈনিক শপথের সাংবাদিক ও সহকর্মীদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠতা, অনুসন্ধানী সাংবাদিকতা, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ।

এ সময় দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ফরিদ হাসান, সম্পাদকীয় প্রধান আবু ইউসুফ, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, সহ-সম্পাদক বিল্লাল ঢালী, মেহেদী হাসান সম্রাট, খোকন চন্দ্র কর্মকার, ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম টিটো, সাহিত্য সম্পাদক ম. নূরে আলম পাটোয়ারী, বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, সুমন কুমার দত্ত, রিয়াজ শাওন,ফাহাদ খান, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার মেহেদী হাসান পাপ্পু, মোহাম্মদ জামাল হোসেন, মো. সবুজ হোসেন, মো. শেখ ফরিদ, মানিক দাস, ইসহাক ইসলাম জায়ান সহ দৈনিক শপথের অন্যান্য সাংবাদিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক শপথের অষ্টম বর্ষে পদার্পণকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ পরিবর্তিত হচ্ছে। তাই সত্যনিষ্ঠ, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থার জায়গা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ দিকে চ্যানেল-৯ এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথিতযশা সাংবাদিক ও নির্মাতা হাসিবুর রেজা কল্লোল উপস্থিত হয়ে ভিন্নমাত্রা যোগ করেন।