স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ার অভিযোগে জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কয়েকদিন আগে এক ভোক্তার কাছ থেকে চুল কাটা, শেপ ও ফেসিয়ালের জন্য সিপি হেয়ার জোন ২ হাজার ৫০০ টাকা দাবি করে। পরে ওই ভোক্তা ২ হাজার টাকা পরিশোধ করেন বলে অভিযানে তথ্য উঠে আসে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


