স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জি.আর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’-কে গ্রেফতার করা হয়েছে।
১৮ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় এএসআই মোঃ জুমায়েত হোসেন জুয়েল এবং এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে রাত অনুমান ১২:৩০ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আঃ হালিম ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। আসামিকে আগামীকাল (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।


