স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-২ গোলে জয় নিশ্চিত হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা উপভোগ করতে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঠ ছিল সরব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফাইনাল খেলায় শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে তারা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জার্সি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।


