স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জালিয়ারচর থেকে চাঁদপুর পুরানবাজার পর্যন্ত মেঘনা নৌ-ড্রাইভ (রিভার ড্রাইভ) সড়ক নির্মাণের লক্ষ্যে প্রাথমিক বিভিন্ন কারিগরি ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নিতে পরামর্শক সেবা ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। যদি এ জায়গাটিতে রিভার ড্রাইভ হবে নাকি ডাকাতিয়া নদীকেও এর আওতায় আনা হয় তা নিয়েও পর্যবেক্ষণ করবে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।
কতৃপক্ষ জানায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত সড়ক নির্মাণের নিমিত্তে টপোগ্রাফিক্যাল সার্ভে, ভূমি অধিগ্রহণ, ক্রস সেকশন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA), মাটিকা জরিপ এবং Detailed Feasibility Study করার জন্য পরামর্শক সেবা প্রয়োজন।
এ কাজের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দসহ প্রশাসনিক অনুমোদন প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে। তবে কোন কোডের বিপরীতে এ অর্থের প্রশাসনিক অনুমোদন দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি বলে চিঠিতে জানানো হয়েছে।
প্রস্তাবিত কাজের আওতায় Terms of Reference (TOR), বিস্তারিত প্রাক্কলন, অর্থবছরভিত্তিক সম্ভাব্য ব্যয়ের তথ্য, সম্ভাব্য ক্রয় পরিকল্পনা এবং সংক্ষিপ্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি প্রস্তুতের কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রস্তাবিত কাজের প্রশাসনিক অনুমোদন পাওয়ার লক্ষ্যে ব্যয়ের খাত উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে পুনঃপ্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
চাঁদপুরের নদীপাড়ের যোগাযোগব্যবস্থা ও সম্ভাব্য অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে জালিয়ারচর থেকে পুরানবাজার পর্যন্ত প্রস্তাবিত এ রিভার ড্রাইভ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। তবে প্রকল্পের বাস্তবায়ন, ব্যয় ও সময়সীমা সম্পর্কে কিছু যানা যায় নি।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী জানান, চাঁদপুরে রিভার ড্রাইভ বিষয়ে কাজ শুরু হয়েছে। তবে অনেকগুলো বিষয় বিবেচনায় আনা হবে। শহর রক্ষাবাঁধকেও এ ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে।


