চাঁদপুরে কোটি টাকার সিগারেট ও নগদ টাকা চুরি, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের একটি গোডাউন থেকে প্রায় ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট ও ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ চুরির ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাদির শাহ জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেছেন। তবে মামলার বাদী তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিকে সহযোগিতা করার অভিযোগ তুলেছেন। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এসআই নাদির শাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুদী রোডে মেসার্স আ. লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণ সিগারেট ও নগদ টাকা মজুত ছিল। গোডাউন কিপার হিসেবে দায়িত্ব পালন করতেন জাহিদুল ইসলাম। তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দেওয়ান বাড়ির মো. জাকির দেওয়ানের ছেলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকালে জাহিদুল ইসলাম গোডাউনে উপস্থিত থাকলেও দুপুরের দিকে তাকে আর পাওয়া যায়নি। পরে গোডাউনের মালামাল ও নগদ অর্থের হিসাব করা হলে বিপুল পরিমাণ সিগারেট ও টাকা নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে।

হিসাব অনুযায়ী, ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ পাওয়া যায়নি।

এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে তার বাবা জাহাঙ্গীর দেওয়ানসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়।

মামলার পর তদন্ত ও অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।