চাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক-সভাপতিদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিদ্যালয়গুলোতে আধুনিক ও সুন্দর ভবন থাকলেও শিক্ষার ফলাফল ভালো না হওয়া গ্রহণযোগ্য নয়। শিক্ষার পরিবেশ সুন্দর হলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা সম্ভব হবে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী খারাপ ফলাফল করেছে, শিক্ষকদের তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। আগামীতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শুধু ভবন ও অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না; শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের ফলাফল কেমন হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে।

এমপি বলেন, “আমরা দুই মাস পর পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসব। কোন প্রতিষ্ঠানে কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সেখানেই সমাধানের চেষ্টা করা হবে।”

চাঁদপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।