চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী উধাও, অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে আব্দুর রব মিজি নামে এক আহত রোগী নিখোঁজ হয়েছেন। স্বামীর সন্ধান না পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অপহরণ ও গুমের অভিযোগ করেছেন তার স্ত্রী সামছুন্নাহার বেগম। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, সম্পত্তিগত বিরোধের জেরে গত ১৯ আগস্ট মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুর রব মিজি। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন সকালে হাসপাতালের দ্বিতীয় তলার বেড থেকে ওষুধ আনতে নিচে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও আর বেডে ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। তাদের দাবি, অজ্ঞাত দুই ব্যক্তি আব্দুর রবকে হাসপাতাল এলাকা থেকে নিয়ে গেছেন। পাশের বেডে থাকা রোগী ও তাদের স্বজনরাও এমন তথ্য জানিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিখোঁজ আব্দুর রবের পুত্রবধূ হাওয়া বেগম জানান, ওষুধ আনতে নিচে যাওয়ার পর আব্দুর রব আর ফিরে আসেননি। পরে হাসপাতালের রোগী ও স্বজনদের কাছ থেকে তারা জানতে পারেন, অজ্ঞাত দুই ব্যক্তি তাকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। পুরো ঘটনাটি হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে থাকতে পারে বলেও জানান তিনি।

এ ঘটনায় আব্দুর রবের স্ত্রী সামছুন্নাহার বেগম চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন। তিনি নিখোঁজ স্বামীকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য যাচাই করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।