স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ সম্পত্তিতে হাল চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী মনির হোসেন ও তার স্ত্রী সুমাইয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার পর প্রতিপক্ষের মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের আষ্টা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আষ্টা বাজারের ব্যবসায়ী মনির হোসেন গংদের সাথে প্রতিবেশী মিজানুর রহমান গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। মঙ্গলবার মনির হোসেন তার জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী মনির হোসেনকে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে তিনি জানান। এসময় তার স্ত্রী সুমাইয়া আক্তার তাকে রক্ষা করতে গিয়ে তিনিও মাথায় আঘাত পান।
এ ঘটনায় মনির হোসেন (২৬ আগস্ট) ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করে।
মামলার বাদী মনির হোসেন আরো বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আমি হাত দিয়ে প্রতিহত করে মাথা রক্ষা করি। আমাকে বাঁচাতে এসে আমার স্ত্রীও মাথায় আঘাত পেয়েছেন। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি ন্যায়বিচার পাব।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্ল্যাহ জানান, মামলার পর একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার ও ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


