ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

ফরিদগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ মাহাবুব সরকার (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চরবাগল এলাকার বাবুর কফি হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাবুব সরকার উপজেলার চির্কা চাঁদপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চরবাগল এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুর কফি হাউজের সামনে মাহাবুব সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে মাহাবুব সরকারকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ইয়াবা আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।