স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. এনামুল হক (৫৫) মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার দুপুরে উপজেলার কৈয়ারপুল এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
নিহত মো. এনামুল হক হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণপাড়া মজুমদার বাড়ির মরহুম কারী শহিদুল্লাহর বড় ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই মো. নাজমুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়ারপুল এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর এনামুল হক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সিএনজি দুটি নিয়ে চালকরা দ্রুত পালিয়ে যান বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহত এনামুল হককে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবে চিকিৎসাধীন ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্ঘটনার খবর দেখে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে শনাক্ত করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তি মারা গেছেন বলে তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত সিএনজি দুটি পাওয়া যায়নি।
নিহতের ভাই মো. নাজমুল হোসেন বলেন, “এনামুল হক আমাদের পরিবারের বড় ভাই। তার মৃত্যুতে আমাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


