স্টাফ রিপোর্টার:
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আগামীতেও যেন এবারের মতো শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা যায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই, আমরা সবাই বাংলাদেশি—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশে আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। সবাই যার যার ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করবে। জন্মাষ্টমীর শোভাযাত্রায় যেভাবে সবাই অংশগ্রহণ করেছেন, একইভাবে দেশের সব ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, জেলা ইসকনের সভাপতি জগদানন্দ দাস পণ্ডিত ব্রহ্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


