দুই কিডনি ছিদ্র ॥ রায়হানকে বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ১২ বছরের শিশু রায়হান ভূঁইয়া গুরুতর কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনিই ছিদ্র হয়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। চাঁদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও কিডনির বায়োপসি করানো প্রয়োজন হলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।

শিশু রায়হান চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দীয়া এলাকার বাসিন্দা। সে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোশারফ ভূঁইয়া পেশায় একজন অটোরিকশাচালক। তিনিও কিডনি রোগে আক্রান্ত। দুই ছেলের মধ্যে রায়হান ছোট। বড় ছেলেটিও প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছে রায়হান। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা কিডনির বায়োপসিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা রায়হানের বাবার পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

রায়হানের পরিবার জানায়, সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে তারা সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা চান। পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমাদের সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। সামান্যতম সাহায্যও আমাদের জন্য অনেক বড় নেয়ামত হতে পারে।

রায়হানের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিকাশ/নগদ: ০১৮২১-৮৫৩৭০৩।
স্বজনদের আশা, সমাজের হৃদয়বান মানুষের সম্মিলিত সহযোগিতায় দ্রুত রায়হানের চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং ফিরে আসবে তার স্বাভাবিক জীবন।