স্টাফ রিপোর্টার:
দৈনিক যুগান্তরের নগর সম্পাদক, সৃজনশীল লেখক মেধাবী সাংবাদিক মিজান মালিক এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ক্লাসে যুক্ত হলেন। বুধবার তিনি মাস্টার্সের এডভান্স রিপোর্টিং কোর্সের দুই ঘণ্টার একটি সেশন নেন। এডভান্স কোর্সের বিষয় ছিল ক্রাইম রিপোর্টিং।
জানা গেছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এই সেশনটি নেওয়ার জন্য মিজান মালিককে অনুরোধ করা হয়। সাংবাদিকতা বিভাগের ছাত্র শিক্ষক সবাই তাকে পেয়ে খুশি হয়।
মিজান মালিক বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও বিজনেস রিপোর্টিংয়ের ওপর কোর্স নেন। এছাড়াও গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পিআইবির পক্ষ থেকে বেসিক জার্নালিজম ও অনুসন্ধানী রিপোর্টিংয়ের ওপর ক্লাস নেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের আইসিটি আইন, সাইবার বুলিং প্রভৃতি বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সেশনেও অংশ নিয়েছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ওরিয়েন্টেশন সেশনের জন্য তাকে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
চাঁদপুরের কৃতী সন্তান মিজান মালিক অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য পথ তৈরি করেছেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় রাষ্ট্রীয় পুরস্কার, শিক্ষা বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পুরস্কার, এমএলএম ব্যবসা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা জালিয়াতির ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দুদক মিডিয়া এওয়ার্ড, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ডিআরইউ পুরস্কার, অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ক্র্যাব এওয়ার্ড অর্জন করেন। সৃজনশীল লেখক হিসেবে গানের জন্য তিনি বাচচসাস পুরস্কার অর্জন করেন।
সংগঠক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। দুদক বিটে সাংবাদিকদের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। আইন বিটের সাংবাদিকদের সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউর স্থায়ী সদস্য তিনি। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির সাংস্কৃতিক উপকমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


