স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর ১২নং ওয়ার্ডের মোল্লাবাড়ি মসজিদ মাঠ সংলগ্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ।
তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তারা তত বেশি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তাদের জন্য নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা।
তিনি আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ শেখায়। একটি দল যখন মাঠে ঐক্যবদ্ধ হয়ে জয়লাভের জন্য লড়াই করে, তখন সেখানে প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনও তৈরি হয়। আমাদের সমাজে এই ইতিবাচক চর্চা আরও বাড়াতে হবে।
শরিফ উদ্দিন পলাশ বলেন, আমরা চাই চাঁদপুরের প্রতিটি ওয়ার্ডে তরুণদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি হোক। শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়তে হলে আমাদের তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে।
ছাত্রনেতা সোহাগ বেপারীর পরিচালনায় আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিজি, সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম খান, বিএনপির ৪নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মামুন বেপারী, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক ঢালী এবং সাংগঠনিক সম্পাদক মো. অফিল মিজি।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভ বেপারী, শাওন বেপারী ও ওয়ালিদ মৃধা।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ-যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।


