শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জুলহাস মিয়া হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। যুবধারা সমবায় সমিতির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে অফিস রয়েছে বলে জানা গেছে।

হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেন জানান, জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জুলহাস মিয়া গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তার কাছে টাকা পাওনা বা প্রতারণার শিকার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছে সচেতন মহল।