স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের পুরাণবাজারের ট্রাঙ্কপট্টি ও সুতা পট্টি এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন খাবারদ্রব্য বিক্রির জন্য সংরক্ষণ, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত করা খাবারদ্রব্য সংরক্ষণ ও বিক্রি এবং অনুমোদনবিহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে গাজী স্টোরকে ১০ হাজার টাকা, রিয়াদ স্টোরকে ১০ হাজার টাকা এবং ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানকালে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


