চাঁদপুরে পানিতে ডুবে শিশু-বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ১৫ মাস বয়সী এক শিশু ও ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ও রঘুনাথপুর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর ইউনিয়নের বেপারী বাড়ির জীবন বেপারীর ১৫ মাস বয়সী ছেলে সাইম বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে সাইমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এর কিছু সময় আগে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার দেওয়ান বাড়ির পুকুর থেকে জানু বেগম নামে ষাটোর্ধ্ব এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহত জানু বেগমের বোনের ছেলে রুবেল দেওয়ান জানান, তার খালার কোনো সন্তান নেই। তিনি তাদের সঙ্গেই থাকতেন। ঘটনার দিন পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।