স্টাফ রিপোর্টার:
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ অংশ নেন।
র্যালিতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এসময় উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদারসহ শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


