শাহারাস্তিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের শাহারাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অনুমোদনবিহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির টপসয়েল কেটে মাটি-বালু উত্তোলনের অপরাধে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শাহারাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের নরিংপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি-বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

অভিযানে খেড়িহর, চিতোষী পশ্চিম এলাকার মো. ইসমাইলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নরিংপুর ও পশ্চিম চিতোষী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।