হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

হাইমচরে মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম বেপারী ওরফে ইবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। গ্রেপ্তার ইব্রাহিম ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া (বেপারী বাড়ি) এলাকার নুর ইসলাম বেপারীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ইতোমধ্যে চারটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হাইমচর থানার পিএসআই (নিঃ) সৌরভ দাশের নেতৃত্বে এসআই (নিঃ) শ্রী সমীর দাস, এএসআই (নিঃ) আবু হানিফ, এএসআই (নিঃ) হান্নান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উত্তর আলগী সাকিনস্থ পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড়ে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. ইব্রাহিম বেপারী ওরফে ইবুকে আটক করে দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির সামনের গোছা থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি হাইমচর থানার এফআইআর নং-০৯, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৩৩।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইব্রাহিম বেপারী এর আগে দায়ের হওয়া হাইমচর থানার এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬, জিআর নং-২২৬ মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম বলেন, মাদকের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।