কচুয়ায় আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও পড়ালেখায় আরও মনোযোগী করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের নির্দেশক্রমে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

আইনগিরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরিফুল হক শাহজীর সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ছালেহ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ছালেহ আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার কোনো বিকল্প নেই। সবাইকে নিয়মিত পড়াশোনা করতে হবে। সন্ধ্যার পর অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে শিক্ষার্থী অন্যতম। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনগিরি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. নাসির উদ্দিন প্রধান।

বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. জাকির হোসেন বলেন, ভালো ছাত্র হতে হলে প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য খোকনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।