মানসম্মত চিকিৎসাসেবাও নিশ্চিত করতে হবে ॥ এমপি মানিক

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর দাতব্য চিকিৎসালয়ের সংস্কার, পুনর্নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুরাণবাজারের বাকালী পট্টি রোডে অবস্থিত পৌর দাতব্য চিকিৎসালয়ের সংস্কার, পুনর্নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পৌর দাতব্য চিকিৎসালয়টি প্রায় ১২০ বছরের পুরোনো। পুরাণবাজারের মানুষের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় চিকিৎসাসেবা কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করার প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে সংস্কার, পুনর্নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। চিকিৎসালয়টি আধুনিকায়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে স্বল্প খরচে ও সহজে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আরও বাড়বে।

এমপি বলেন, পুরাণবাজার চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পুরোনো এই দাতব্য চিকিৎসালয়টি নতুনভাবে চালু ও কার্যকর করা। সেই প্রত্যাশা পূরণে কাজ শুরু হয়েছে। শুধু ভবন সংস্কার করলেই হবে না, এখানে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ এবং রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের টাকায় পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠান জনগণের সেবায় কাজে লাগাতে হবে। পৌরসভার এই চিকিৎসালয়টি যেন কেবল একটি ভবন হয়ে না থাকে; বরং অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে ওঠে-সেটিই আমাদের লক্ষ্য।

চাঁদপুরের মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এমপি বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগসহ মানুষের প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা পর্যায়ক্রমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম বীন আখতার, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌরসভার ইঞ্জিনিয়ার সুজিত বড়ুয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।