স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার সার্বিক তদারকির দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চান। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে মানুষের কল্যাণে, মানুষের জন্য এবং জনগণের জন্য যে রাজনীতির সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পথ ধরে সেই রাজনীতিকে আবারও মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। তৃণমূল পর্যায় থেকে এ ধরনের মানসিকতা ও রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই আজকের এই মতবিনিময় সভা।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে জনগণ। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা বাস্তবায়নে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। দক্ষিণ প্লাজায় সংসদে সব দল নোট অব ডিসেন্টসহ যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করব। এ জন্য আমাদের নেতাকর্মীদের সেভাবেই প্রস্তুত করতে হবে। কাগজে পরিকল্পনা করলেই হবে না, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে তৃণমূল পর্যায় থেকে জনগণের আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয় বিষয়গুলো গ্রহণ করে কার্যকরভাবে কাজ করতে হবে।
চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন আমাকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরে আপনাদের সঙ্গে কাজ করার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনে সাংবাদিক, প্রশাসন, সংসদ সদস্য, সরকারি দলের নেতৃবৃন্দ এবং বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রত্যেককে একে অপরকে বুঝতে হবে এবং সবার মধ্যে একটি ভারসাম্য ও সমন্বয় থাকতে হবে। এই সমন্বয়ের জন্য একজন ব্যক্তির প্রয়োজন। আপনারা আমাকে সেই ব্যক্তি বা একজন ভালো ব্যবস্থাপক হিসেবে মনে করবেন। আমাকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নয়, বরং সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য একজন ভালো ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেইভাবেই আপনাদের বন্ধু ও সহযোদ্ধাদের নিয়ে কাজ করার চেষ্টা করব, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। শুধু মুখে বললে হবে না, কীভাবে এটিকে কার্যকর করা যায়, সে বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। অবৈধ মাদক পাচার, চোরাচালান, সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘটিত অপরাধ এবং গুরুতর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বি এম আশরাফ উদ্দিন নিজাম বলেন, সরকারের নির্বাচন বাস্তবায়নের যে তদারকির দায়িত্ব রয়েছে, তা শুধু উপর থেকে দেখলেই হবে না; প্রান্তিক পর্যায় পর্যন্ত তদারকি করতে হবে। কোথায় কার কী সমস্যা, মানুষ কী চায়-এসব বিষয় জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দরিদ্র বিমোচনে কার্যক্রম গ্রহণ করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ তারেক রহমানের পরিকল্পিত জনকল্যাণমূলক সেবাগুলো যেন প্রকৃত মানুষের কাছে পৌঁছে এবং মানুষ সেগুলো থেকে উপকৃত হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাধারণ জনগণ যেন মনে করে এবার আগের মতো কিছু হবে না। কোথাও স্বজনপ্রীতি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা যারা দায়িত্বে থাকব, সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার শপথ গ্রহণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে সেই রাজনীতিতে নতুন মূল্যায়ন ও নতুন ধারণার সৃষ্টি করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা এমপি, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি ডা. শামীর সরকার, আব্দুস শুক্কুর পাটওয়ারী, শরীফ মোহাম্মদ ইউনুস, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম পাটওয়ারী, কচুয়া বিএনপি নেতা খায়রুল আবেদীন স্বপন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের মজুমদার, শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সেলিম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদর রহমান মাঝি প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধা।


