হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবদুস সামাদ নামে ৬ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ ওই এলাকার মামুন মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু সামাদ ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে আর উঠে আসতে পারেনি।
এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকট আত্মীয় অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা জানান, সকালে অন্যান্য শিশুদের সাথেই খেলছিল সামাদ। খেলার ছলে অগোচরে পুকুরে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু সামাদের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, বর্ষাকাল হওয়ায় চারদিকে পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে এবং যারা সাঁতার জানে না, তাদের বিষয়ে পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা প্রয়োজন।

শিশুর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।