স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহরের কালীবাড়ি কোট স্টেশন এলাকা থেকে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে কালীবাড়ি কোট স্টেশন পশ্চিম পাশের প্লাটফর্মের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার গাজীবাড়ির মো. আমিন গাজী (২০), উত্তর শ্রীরামদী কবরস্থান রোড এলাকার জমির হোসেন প্রধানিয়া (৩৮) এবং নিউ ট্রাক রোডের বটতলা এলাকার রেজাউল ইসলাম রাফি (২০)।
মো. আমিন গাজীকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। এ ঘটনায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা প্রসিকিউশন দাখিল করেন। পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অপরদিকে, গাঁজা সেবনের অপরাধে জমির হোসেন প্রধানিয়াকে আটক করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া প্রসিকিউশন দাখিল করেন। পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া রেজাউল ইসলাম রাফিকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া প্রসিকিউশন দাখিল করেন। পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।


