স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আমাদের দেশীয় ঐতিহ্য ও পুরনো শিল্পকর্মগুলোকে টিকিয়ে রাখতে হলে আধুনিক যুগের চাহিদার সাথে মিল রেখে সেগুলোকে মডিফাই বা সময়োপযোগী করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক রূপদানের মাধ্যমেই আমরা আমাদের এই লোকজ ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে পারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক রুহুল আমিন বাশীর পুরো কার্যক্রমটি সার্বিক পরিচালনা করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তপাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১ম ব্যাচে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৪ জন সেলুন (নরসুন্দর) কর্মী, ৭ জন কামার, ৪ জন লোকজ শিল্পী, ৩ জন বাঁশ-বেত শিল্পী এবং ২ জন নকশিকাঁথা শিল্পী রয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালায় নিজ নিজ পেশাগত কৌশলের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আচরণ, গ্রাহক সেবা, পেশাগত শিষ্টাচার, আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের নানা বিষয়ে ধারণা দেয়া হবে। এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


