দৈনিক শপথে সংবাদ প্রকাশের পর –খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দা

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (দঃ) ইউনিয়নের গোয়ালভর বাজার সংলগ্ন (বিএস ১নং খাস খতিয়ানভুক্ত) সরকারি খাল অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় সিরাজ, মাসুদ, জাবেদ খান নামে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে দৈনিক শপথ পত্রিকাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ মামলা দায়েরের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছে স্থানীয় ভূমি অফিস।

গত ১৫ সেপ্টেম্বর গোবিন্দপুর (দঃ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সৈয়দ আহমেদ পাটোয়ারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর এই তদন্ত প্রতিবেদনটি দাখিল করেন।

প্রতিবেদনে দখলকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। গোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সিরাজ, মো. সুলতানের ছেলে মাসুদ এবং আমিন খাঁর ছেলে জাবেদ খাঁ।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর মৌজার সাবেক ১৮৯ হাল ১১৫নং খতিয়ানের পূর্ব পাকিস্তান কালেক্টরের নামে রেকর্ডভুক্ত এসএ ১নং খাস খতিয়ানভুক্ত এসএ ১৫০০ দাগের ভূমি রয়েছে। যা বিএস জরিপকালে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চাঁদপুরের নামে বিএস ১নং খতিয়ানের বিএস ৮০৮৮ দাগে ‘খাল’ শ্রেণী হিসেবে ০.১১০০ একর ভূমি রেকর্ডভুক্ত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, অভিযুক্ত তিন ব্যক্তি সরকারি খালের জায়গাটি আংশিক দখল করে রেখেছেন। এর ফলে ওই এলাকায় সাধারণ মানুষের চাষাবাদ ও দৈনন্দিন ব্যবহারের পানি নিষ্কাশনে তীব্র সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয়ভাবে দখল করা ভূমির দৈর্ঘ্য ও প্রস্থের সঠিক সীমানা নির্ধারণ করা সম্ভব না হওয়ায়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার দ্বারা নিখুঁত পরিমাপ করা একান্ত আবশ্যক বলে জানান।