মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর বান্দরবানে উদ্ধার

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রাতুল দেবনাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর রাতুল নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এর মধ্যে একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

পরে পুলিশ সুপার, চাঁদপুর মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করে মতলব উত্তর থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব ও অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেবনাথকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে চাঁদপুর জেলা পুলিশ।