স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় তরপুরচন্ডী তেঁতুলতলা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন গাছতলার পীরসাহেব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খাজা মো. ওয়ালি উল্লাহ।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও তার সঙ্গে থাকা ফোর্সের সদস্যরা। জানাজায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জসিম, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও এলাকাবাসীসহ শত শত মুসল্লি জানাজায় অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের ছেলে ও তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর বন্দুকশী তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


