স্টাফ রিপোর্টার
কারিগরি শিক্ষার গুরুত্ব, সম্ভাবনা ও কর্মমুখী দক্ষতা সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কারিগরি শিক্ষা মেলা–২০২৬’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁদপুরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুরের প্রিন্সিপাল মো. আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ, চাঁদপুরের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করে এবং কর্মজীবনের প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করে।
তারা আরও বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি, উদ্যোক্তা সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ কারিগরি জনশক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিন দিনব্যাপী এ মেলায় কারিগরি শিক্ষার বিভিন্ন দিক, আধুনিক প্রযুক্তি, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, মডেল ও ব্যবহারিক দক্ষতা প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।
মেলায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তিনির্ভর প্রকল্প, উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক কাজ প্রদর্শন করছে। এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ কারিগরি জনশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং এর সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
২২ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রদর্শনী ও আয়োজন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা অনুরাগী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগণকে মেলায় অংশগ্রহণ ও প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলাটি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁদপুরের ওয়ার্ড নং-১৪, আশিকাটি, বাবুরহাট এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ মেলা চাঁদপুর অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জনে উৎসাহিত করবে।


