চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে || নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ

‎‎স্টাফ রিপোর্টার

‎‎জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়েও ঢাকা-চাঁদপুর নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ভাড়া ২১৫ টাকা হলেও বিভিন্ন লঞ্চে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২২০ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

‎এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ১০০ কিলোমিটারের কম দূরত্বের নৌপথে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছিল ২ টাকা ৯৫ পয়সা। সে অনুযায়ী ঢাকা-চাঁদপুর নৌপথের ৬৮ কিলোমিটার দূরত্ব বিবেচনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারিত ছিল ২০০ টাকা।

‎সম্প্রতি আবারও জ্বালানি তেলের দাম বাড়ার পর প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে ৬৮ কিলোমিটার দূরত্বের জন্য নতুন ভাড়া দাঁড়ায় প্রায় ২১৫ টাকা। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২২০ টাকা।

‎যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও যাতায়াত খরচও বাড়ছে। এর মধ্যেই সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিতে হওয়ায় তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

‎তবে লঞ্চের মালিকপক্ষের প্রতিনিধি জিল্লু বেপারীর দাবি, যাত্রীদের কাছে খুচরা টাকা না থাকায় ২২০ টাকা নেওয়া হচ্ছে। মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ীই কর্মচারীরা ভাড়া আদায় করছেন বলেও জানান তারা।

‎এদিকে, বিআইডব্লিউটিএ- এর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, নতুন ভাড়া বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন এখনো তাদের হাতে পৌঁছেনি। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

‎সরকার নির্ধারিত ভাড়া কার্যকর না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ফলে নৌপথে ভাড়া ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।