স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মী আমিন হোসেন পাটওয়ারীকে (৪৫) আটক করা হয়েছে। শুক্রবার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের কাজী উদ্দিন পাটওয়ারী বাড়ির মৃত মোস্তফা পাটওয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্-এর নির্দেশনায় এসআই মোঃ রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ রূপসা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আমিন হোসেনকে গ্রেফতার করেন।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় একটি মামলা (মামলা নং-১৭/৩৬২) দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, সন্ত্রাস বিরোধী আইনে আমিন হোসেন নামে একজনে আটক করা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


