বহরিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আজহার উদ্দিন মিয়া বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আগ্রহ সৃষ্টি হয়। একজন ভালো শিক্ষার্থী হতে হলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ মুকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেন মৃধা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খান।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ও উপহার দেওয়া হয়।

এছাড়া বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বালক-বালিকা বিভাগের প্রতিটি শ্রেণির প্রথম তিনজন শিক্ষার্থীর মাঝে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।