গ্রাম আদালতকে মানুৃষের আস্থার জায়গা হিসেবে তৈরী করতে হবে…..জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, গ্রাম আদালতে মানুষ মূলত যায় ঝগড়া-বিবাদ, পারিবারিক বিরোধ মীমাংসা ও এর প্রতিকারের জন্য। দীর্ঘ সময় যাবৎ গাম্য সালিশ বিচারে আমাদের একটা ভরসা আছে। গ্রাম আদালতের আইনি ভিত্তি আছে এবং নীতিমালা আছে। কাজের ও বিচারের পরিধি আছে। গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে হবে। প্রচারের মাধ্যমে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার সময়কাল সম্পর্কে বলতে হবে ৷ এতে মানুষের গ্রাম আদালতের প্রতি আগ্রহ তৈরি হবে। গ্রাম্য সালিশ বিচারের মাধ্যমেও ছোট ছোট সমস্যা সমাধান করা যায়। জনসচেতনতা তৈরির জন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে।

তিনি আর ও বলেন, গ্রাম আদালতে নারী প্রতিনিধি নিয়োগ আমরা দিতে পারি না। কিন্তু আমরা নারীদের অংশগ্রহন বৃদ্ধিতে উদ্ধৃত্ত করতে পারি৷ কোন বিচার প্রার্থী তার প্রতিনিধি হিসেবে নারী প্রতিনিধি নিয়োগ করতে পারবে। গ্রামের একটি ছোটোখাটো বিরোধ বা সাধারণ বিষয় গ্রাম আদালতে স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব। গ্রাম আদালতের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ ও নিরীহ মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি করতে হবে। সভায় গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন চাঁদপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগম।

এ সময় সভায় অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর এফ এম মুহাঃ জুলফিকার রহমান, চাঁদপুর শিশু অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মাহাতাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক মো. সারওয়ার আলম, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, গ্রাম আদালত কীভাবে আরো বেশি সক্রিয় করা যায় সে বিষয়ে ডিসি মহোদয় কাজ করছেন। গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিবাদ মীমাংসা করা যায় ৷ গ্রাম আদালতের কার্যক্রম ভালো হলে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। জনগণকে গ্রাম আদালত সম্পর্কে ভালো ভাবে জানাতে হবে। তাহলে এর সুফল পাওয়া যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর ক্যাবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জারা হাউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাছান বেপারী, ইসফা এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন, সোনালি সুদিন এর সভাপতি আবু হানিফসহ সংশ্লিষ্টজন।