ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরে নবীনবরণ

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ অনুষ্ঠান ২০২৬’। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর আহমেদ। গীতা পাঠ করেন বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অসীম সিংহ রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবীনবরণ উদযাপন কমিটির সচিব মো. তাওহীদুল হাসান। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারিয়া নুর। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মানবিক বিভাগের শিক্ষার্থী জাহারা ইসলাম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের এইচএসসি-২০২৪ ব্যাচের শিক্ষার্থী আছিয়া আক্তার বিথী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও কলেজের এইচএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহাদাত হোসেন নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাঁরা নিজেদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও লক্ষ্যনিষ্ঠ থাকার আহ্বান জানান।

এ সময় কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুন নাহারের পরিবেশনায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের একাডেমিক কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপ, চাঁদপুরের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের উপাধ্যক্ষ রেজাউল করিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান।
উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল তাঁর বক্তব্যে বলেন, তোমাদের আগামী দুই বছরের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে পরবর্তী ৫০ বছরের সুন্দর জীবন। এ ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়া ও মোবাইল আসক্তি। এগুলো থেকে নিজেকে দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশ করতে পারলে অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।

পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে আপ্যায়ন বিতরণের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান ২০২৬-এর সমাপ্তি হয়।