স্টাফ রিপোর্টার
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গ্রামীণ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে চাঁদপুরের কচুয়ায় নেওয়া হয়েছে অনন্য উদ্যোগ। শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নের রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘স্বপ্নবাজ’ ও ‘বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন’-এর সৌজন্যে দিনব্যাপী ‘মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পরীক্ষাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কাদলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা ও বেসরকারি কেজি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭৮ জন, চতুর্থ শ্রেণির ২১২ জন এবং তৃতীয় শ্রেণির ১৭৯ জন শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষার কেন্দ্রগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন আয়োজক প্রধান ব্যবস্থাপক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কাদলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রভাষক মো. জান্নাতুল আলম আলমগীর।
আয়োজক প্রধান ব্যবস্থাপক মো. জান্নাতুল আলম আলমগীর জানান, তৃণমূলের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, সুপ্ত প্রতিভার বিকাশ এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান নিয়ন্ত্রক আমির হামজা, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, হাজী ইমরান, এমদাদুল হক মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


