স্টাফ রিপোর্টার
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের প্রবেশপথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি ও প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এ উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে।
লিও ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন বলেন, অক্টোবর মাস লায়ন্স ও লিও ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ মাসে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশীদের কথা বিবেচনা করে পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে।
লিও ক্লাব অব চাঁদপুরের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, অক্টোবর মাসে বিশ্বব্যাপী লায়ন্স ও লিও ক্লাব বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে তাদের সার্ভিস মাসের কার্যক্রম শুরু হয়েছে।
আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।


